মহাকাশ শ্যুটিংয়ে এগিয়ে গেলো রাশিয়া

৭ অক্টোবর, ২০২১ ১৩:০৪  
‘দ্য চ্যালেঞ্জ’ চলচ্চিত্রের দৃশ্য ধারণে প্রথমবারের মত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি জমালেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো। সিনেমায় পেরসিল্ড একজন চিকিৎসক। সেখানে একজন নভোচারীর প্রাণ রক্ষার জন্যই মঙ্গলবার মহাকাশ স্টেশনের পথে যাত্রা করেন তিনি। মস্কোর স্থানীয় সময় বুধবার বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন তারা। মহাকাশে পেরেসিল্ড এবং শিপেঙ্কোর ১২ দিনের এই অভিযাত্রায় তাদের সঙ্গে রয়েছেন আরো দুজন পেশাদার নভোচারী। এরা হলেন ওলেগ নোভিটস্কি এবং পিয়োটর দুব্রোভ। এই জুনকেও দেখা যাবে সিনেমায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশে চলচ্চিত্র নির্মাণের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে ফেলে এগিয়ে গেল রাশিয়া। হলিউডের একটি সিনেমার জন্য স্পেসএক্সের রকেট নিয়ে অভিনেতা টম ক্রজ মহাকাশে যাবেন বলে গত বছর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে সেই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। দুর্ঘটনা আর দুর্নীতির কেলেঙ্কারিতে রাশিয়ার মহাকাশ কার্যক্রম বেশ কবছর ধরে কিছুটা থিতিয়ে ছিল। তবে ‘দ্য চ্যালেঞ্জ’ সেই জায়গা থেকে টেনে তুললো রাশিয়াকে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।